টাইপবিডিবাংলা ও English টাইপিং স্পিড টেস্ট

বিজয় নাকি অভ্র, কোনটা শিখবেন?

বাংলা টাইপিং শিখতে গেলে প্রথমেই এই প্রশ্নটা আসে। দুইটার পার্থক্য কী আর কার জন্য কোনটা ভালো, সেটা নিয়েই আজকের লেখা।

SSR Agency · · আপডেট:

বাংলা টাইপিং শিখবেন ঠিক করার পর প্রথম যে প্রশ্নটা মাথায় আসে, বিজয় শিখবো নাকি অভ্র? দুইটার কাজের ধরন একদম আলাদা। তাই কোনটা শিখবেন সেটা নির্ভর করে আপনি কী কাজে লাগাবেন তার উপর।

বিজয় কীভাবে কাজ করে

বিজয়ে কিবোর্ডের প্রতিটা কী-তে একটা করে বাংলা অক্ষর বা কার বসানো আছে। যেমন j চাপলে ক, f চাপলে া, আর Shift চেপে J দিলে খ। একটা ব্যাপার শুরুতে একটু অদ্ভুত লাগে, ি ে ৈ এই কারগুলো অক্ষরের আগে টাইপ করতে হয়। আর যুক্তবর্ণ বানাতে মাঝে g (হসন্ত) দিতে হয়।

শিখতে একটু সময় লাগে, কারণ কোন কী-তে কী আছে মুখস্থ করতে হয়। কিন্তু একবার হাতে বসে গেলে বিজয়ে অনেক দ্রুত লেখা যায়। অফিস, প্রেস আর কম্পোজের কাজে এখনো বিজয়ই বেশি চলে।

অভ্র কীভাবে কাজ করে

অভ্রতে আপনি বাংলা শব্দটা ইংরেজি অক্ষরে উচ্চারণ মতো লিখবেন, অভ্র নিজেই সেটা বাংলা বানিয়ে দেবে। amar লিখলে আমার, bangladesh লিখলে বাংলাদেশ। যুক্তবর্ণের জন্যও আলাদা কিছু লাগে না, bondhu লিখলেই বন্ধু হয়ে যায়।

ইংরেজি জানলে অভ্র প্রায় সাথে সাথেই চালানো যায়। তবে কিছু শব্দের বানান মনে রাখতে হয়, আর খুব দ্রুত লেখার ক্ষেত্রে বিজয়ের মতো সরাসরি না।

তাহলে আপনি কোনটা শিখবেন

সরকারি বা বেসরকারি চাকরির টাইপিং টেস্ট দেবেন? তাহলে বিজয়, কারণ পরীক্ষার কম্পিউটারে সাধারণত বিজয়ই থাকে। ডাটা এন্ট্রি বা কম্পোজের কাজ করবেন? সেখানেও বিজয়।

আর যদি শুধু ফেসবুকে লেখা, ব্লগ বা নিজের টুকটাক লেখালেখির জন্য হয়, তাহলে অভ্র দিয়ে শুরু করাই সহজ।

দুইটাই এক জায়গায় প্র্যাকটিস করুন

টাইপবিডির সেটিংয়ে বিজয় বা অভ্র যেকোনোটা বেছে নিলেই হবে। বিজয়ে প্রতিটা শব্দের পাশে দেখাবে কোন কী-র পর কোন কী চাপতে হবে। অভ্রতে দেখাবে শব্দটা কী বানানে লিখবেন। এতে আলাদা করে মুখস্থ না করেও প্র্যাকটিস করতে করতেই শিখে যাবেন।

আরও পড়ুন