টাইপবিডিবাংলা ও English টাইপিং স্পিড টেস্ট

একদম শুরু থেকে বাংলা টাইপিং শিখবেন যেভাবে

বাংলা টাইপিং শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? কিবোর্ড বাছাই থেকে প্রতিদিনের প্র্যাকটিস, সবটা এখানে সহজ করে বললাম।

SSR Agency · · আপডেট:

বাংলা টাইপিং শুনতে কঠিন লাগলেও আসলে তেমন কঠিন না। দরকার শুধু ঠিক নিয়মে আর নিয়মিত একটু করে প্র্যাকটিস। প্রতিদিন 15-20 মিনিট দিলে মাসখানেকের মধ্যেই দেখবেন কিবোর্ডের দিকে না তাকিয়েই লিখতে পারছেন।

আগে ঠিক করুন বিজয় শিখবেন নাকি অভ্র

আমাদের দেশে বাংলা লেখার জন্য মূলত দুইটা উপায় চলে, বিজয় আর অভ্র।

বিজয়ে প্রতিটা কী-তে আলাদা আলাদা বাংলা অক্ষর বসানো থাকে। অফিস, প্রেস আর সরকারি চাকরিতে এটাই বেশি চলে। অভ্রতে আপনি ইংরেজি বানানে লিখবেন, আর সেটা বাংলা হয়ে যাবে। যেমন ami লিখলে হবে আমি।

চাকরি বা অফিসের কাজের জন্য শিখতে চাইলে বিজয় দিয়েই শুরু করুন। শুধু ফেসবুক বা নিজের লেখালেখির জন্য হলে অভ্রও খারাপ না। টাইপবিডিতে দুইটাই আছে, আলাদা করে কিছু ইনস্টল করতে হবে না।

হোম রো চিনে নিন

টাচ টাইপিংয়ের শুরুটা হয় হোম রো দিয়ে। বাম হাতের চার আঙুল থাকবে A S D F এর উপর, ডান হাতের চার আঙুল J K L ; এর উপর। আর দুই হাতের বুড়ো আঙুল থাকবে Space এ। খেয়াল করলে দেখবেন F আর J কী-তে ছোট একটা দাগ আছে, এটা দিয়েই না তাকিয়ে হাত জায়গামতো রাখা যায়।

বিজয়ে এই হোম রো-তেই সবচেয়ে বেশি লাগে এমন কারগুলো রাখা। যেমন f চাপলে া, d চাপলে ি, আর g চাপলে হসন্ত।

কোন কী কোন আঙুলে

প্রতিটা কী চাপার জন্য নির্দিষ্ট একটা আঙুল আছে। প্রথম কয়দিন এটা মানতে গিয়ে স্পিড কমে যাবে, বিরক্তও লাগতে পারে। কিন্তু একটু ধৈর্য রাখলে পরে হাত নিজে থেকেই ঠিক কী-তে চলে যাবে। টাইপবিডির স্ক্রিনের কিবোর্ডে রং দিয়ে দেখানো থাকে কোন কী কোন আঙুলের, আর হাতের ছবিতেও আঙুল নড়ে দেখায়।

প্রতিদিন কী প্র্যাকটিস করবেন

প্রথম সপ্তাহে শুধু হোম রো এর লেসন করুন। দ্বিতীয় সপ্তাহে উপরের আর নিচের সারি ধরুন। তৃতীয় সপ্তাহে Shift দিয়ে আসা অক্ষর আর ছোট ছোট শব্দ। চতুর্থ সপ্তাহে যুক্তবর্ণ আর পুরো বাক্য লিখে 2-5 মিনিটের টেস্ট দিন।

একবারে এক ঘণ্টা বসার চেয়ে দিনে দুই তিনবার 10 মিনিট করে বসলে বেশি কাজে দেয়।

তাড়াহুড়া করবেন না

শুরুতেই জোরে লেখার চেষ্টা করলে ভুল বাড়বে, আর ভুল অভ্যাস একবার হয়ে গেলে সেটা ছাড়ানো কঠিন। আগে আস্তে আস্তে ঠিকভাবে লিখুন। ভুল কমলে স্পিড এমনিতেই বাড়বে।

শুরু করার আগে একবার টাইপবিডিতে টেস্ট দিয়ে দেখে নিন এখন আপনার স্পিড কত। এক মাস পর আবার দিলে নিজেই পার্থক্যটা বুঝবেন।

আরও পড়ুন